সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই সভার আয়োজন করা হয়।
নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত হয়ে তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা, এলাকার সার্বিক উন্নয়ন এবং স্থানীয় নানা গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান বীর মুক্তিযোদ্ধাদের দেশের ‘শ্রেষ্ঠ সন্তান’ হিসেবে অভিহিত করেন। তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণকর পদক্ষেপের কথা তুলে ধরেন।
পাশাপাশি নবীনগরের সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় তাঁদের পাশে রয়েছে এবং থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।