গোপালগঞ্জে গ্রাম পুলিশকে চড় মারার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে পোশাক পরা এক গ্রাম পুলিশ সদস্যকে চড় মারার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্য নাজিম প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সাংবাদিকদের নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য নাজিম গত বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালন করছিলেন। এ সময় চেয়ারম্যান রানা মোল্লা তাঁর কাছে দেলোয়ার চৌকিদারের অবস্থান জানতে চান। জবাবে নাজিম জানান, দেলোয়ার চৌকিদার স্কুলের টিপ মারতে গেছেন। এ কথা বলার পরই চেয়ারম্যান তাঁকে চড় মারেন বলে অভিযোগ করেন নাজিম।
গ্রাম পুলিশ সদস্য নাজিম বলেন, ‘চেয়ারম্যান রানা মোল্লা আমাকে জিজ্ঞাসা করেন, দেলোয়ার চৌকিদার কোথায়। আমি বলি, তিনি স্কুলের টিপ মারতে গেছেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সবার সামনে আমাকে থাপ্পড় মারেন। আমি গ্রাম পুলিশের পোশাক পরে দায়িত্ব পালন করছিলাম। আমাকে এভাবে মারার কোনো অধিকার তাঁর নেই। আমি প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে বক্তব্য জানতে সুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্য ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।