গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা বিমান বন্দর থেকে আটক হয়েছেন। আজ সোমবার দুপুরে জিএমপির গোয়েন্দা বিভাগ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে আটক করে।
আটক গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোল্লা বাড়ির মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন মোল্লা গোপনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য বিমান বন্দরে যায়। সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিএমপিকে খবর দেয়। অতঃপর জিএমপি পুলিশ বিমানবন্দর থেকে আসামিকে আটক করে জিএমপিতে নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার সাহেব আলী পাঠান কালের কণ্ঠকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি বিল্লাল হোসেন মোল্লা আমাদের হেফাজতে রয়েছেন।
তার নামে একাধিক মামলা আছে। সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।’