যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয়ে দ্বিতীয় ধাপের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তেহরান-ওয়াশিংটনের এ আলোচনার লক্ষ্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো ও যে কোনো ধরনের সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও সতর্ক করেছেন, সংঘাত হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

জেনেভায় পৌঁছে আব্বাস আরাগচি গতকাল সোমবার এক্স পোস্টে বলেন, ন্যায্য ও ভারসাম্যপূর্ণ একটি চুক্তিতে পৌঁছাতে বাস্তবসম্মত ধারণা নিয়েই আমি জেনেভায় এসেছি।

এ মাসের শুরু দিকে পারমাণবিক বিষয়ে ধারাবাহিক আলোচনা শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। সামরিক উত্তেজনার মধ্যেই মধ্যস্থতাকারীরা সম্ভাব্য যেকোনো যুদ্ধ ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এর মধ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরি এ অঞ্চলে যাওয়ার খবর পাওয়া গেছে।

আব্বাস আরাগচি গতকাল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, পারমাণবিক বিশেষজ্ঞদের দল এক নিগূঢ় কারিগরি আলোচনার প্রত্যাশা করছে।

জাতিসংঘের তদারকি সংস্থা আইএইএ ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোয় প্রবেশাধিকার চায়। গত জুনে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় এসব স্থাপনা মার্কিন ও ইসরায়েলি হামলার শিকার হয়েছিল।

তেহরান জানিয়েছে, স্থাপনাগুলোয় তেজস্ক্রিয়তার ঝুঁকি থাকতে পারে। কাজেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম পরীক্ষা করে দেখার মতো নজিরবিহীন কাজটি করতে হলে সুনির্দিষ্ট আনুষ্ঠানিক প্রোটোকল মেনে চলা দরকার।