যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস ‘আব্রাহাম লিংকন’ ইরানের কাছাকাছি অবস্থান করছে বলে নিশ্চিত হয়েছে বিবিসি। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের সামরিক কর্মসূচি ও সাম্প্রতিক প্রাণঘাতী বিক্ষোভ দমনের ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন দেশটির ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে। আর এমন সময়ে বিবিসি ভেরিফাই এ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আজ মঙ্গলবার সুইজারল্যান্ডে দ্বিতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছেন। ইরান বলেছে, বৈঠকে তাদের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। তবে ওয়াশিংটন আগেই ইঙ্গিত দিয়েছে, তারা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চায়।
আব্রাহাম লিংকন নামের বিমানবাহী রণতরিটিতে রয়েছে তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এ ছাড়া এতে এফ-৩৫ যুদ্ধবিমানসহ মোট ৯০টি উড়োজাহাজ এবং প্রায় ৫ হাজার ৬৮০ নৌবাহিনীর সদস্য রয়েছেন। জানুয়ারির শেষ দিকে রণতরিটিকে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছিল বলে জানা গিয়েছিল, তবে এত দিন পর্যন্ত উপগ্রহ চিত্রে সেটি দেখা যায়নি। এবার উপগ্রহ চিত্রে সেটি ধরা পড়েছে।

ওই চিত্রে দেখা গেছে, বর্তমানে রণতরিটি ওমান উপকূলের কাছে ইরান থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র আরও বলেছে, তারা বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী তিন সপ্তাহের মধ্যে এটি ওই অঞ্চলে পৌঁছাতে পারে।

আব্রাহাম লিংকনকে মোতায়েন সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়কে আরও স্পষ্ট করেছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই দেখতে পেয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন ডেস্ট্রয়ার, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের সংখ্যা উল্লেখজনকভাবে বৃদ্ধি পেয়েছে।