কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের ৭০তম জন্মদিন ছিল আজ। এই বিশেষ দিনটিতে প্রয়াত এই গুণী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেয়েছে তাঁর সুরে এক অপ্রকাশিত গান ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’। গোলাম মোর্শেদের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ার।
আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই বিশেষ গানটিতে গিটার ও সাউন্ড ডিজাইন করেছেন আহনাফ খান অনিক এবং কি-বোর্ড বাজিয়েছেন রফিকুল ইসলাম ফরহাদ।
নতুন এই গান প্রসঙ্গে শিল্পী জয় শাহরিয়ার বলেন, “লাকী ভাই একজন কিংবদন্তি। তাঁর সঙ্গে সরাসরি কাজ করার সৌভাগ্য আমার হয়নি। প্রিয় গীতিকবি গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে তাঁর লেখা ও লাকী ভাইয়ের সুরে কিছু অপ্রকাশিত গান আছে জানতে পেরে আমি একটি গান গাওয়ার আগ্রহ প্রকাশ করি। মোর্শেদ ভাই আমার সেই আবদার রেখে গানটি দেন। এর মধ্য দিয়ে আমার জীবনের একটি স্বপ্ন পূরণ হলো। আমি চেষ্টা করেছি লাকী ভাইয়ের মূল সুরের আমেজ ধরে রাখতে। তাঁর জন্মদিনে এই গানটি আমাদের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”
দীর্ঘদিনের স্মৃতিচারণ করে গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, “লাকী ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি, অনেক গান। আমরা এক সাথে টানা কাজ করেছি। আমি লিরিক লিখে ওনাকে দিতাম, আর উনি সুর করলে আমি সেগুলো মোবাইলে রেকর্ড করে রাখতাম। এমন বেশ কিছু অপ্রকাশিত গান এখনো আমার কাছে রয়ে গেছে। জয় শাহরিয়ার আমার স্নেহের অনুজ শিল্পী। ওর আগ্রহ দেখেই গানটি ওকে দেওয়া। জয়ের কাজটি আমার খুব ভালো লেগেছে। আশা করি লাকী ভাইয়ের শ্রোতাদেরও এটি পছন্দ হবে।”
আজ রোববার (৭ জুন) বিকেল ৫টায় জয় শাহরিয়ার ও ‘গান জানালা’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির লিরিক ভিডিও প্রকাশ পেয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শ্রোতারা গানটি শুনতে পাচ্ছেন।