তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)। এ সময় গাঁজা বহনের অভিযোগে আকলিমা আক্তার (৪০) ও তানিয়া আক্তার (৩০) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

১৭ আগস্ট ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদীর উপপরিচালক জনাব হাবিব তৌহিদ ইমাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

DNC সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল নরসিংদীর ভেলানগর এলাকায় গোপনে অবস্থান নেয়। পরে সন্দেহজনকভাবে চলাফেরা করা দুই নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার দুই নারী হলেন—

১. আকলিমা আক্তার (৪০)

২. তানিয়া আক্তার (৩০)

 

অভিযানে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধারকৃত গাঁজার একটি অংশ নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় এবং অপর অংশ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহের বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানা যায়। তবে এসব তথ্য যাচাই-বাছাইসহ মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

এদিকে নরসিংদী শহর ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত চক্রগুলোর সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় নরসিংদী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে উপ-পরিদর্শক (এসআই) মো. সানাউল্লাহ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মাদকবিরোধী এ অভিযানকে স্থানীয় সচেতন মহল ইতিবাচকভাবে দেখছে। তাদের মতে, মাদকের সরবরাহ বন্ধে খুচরা বিক্রেতাদের পাশাপাশি এর নেপথ্যে থাকা সরবরাহকারী ও সংশ্লিষ্ট চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। এ ধরনের ধারাবাহিক অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।