জলঢাকা মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী।

নীলফামারীর জলঢাকা উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি’র তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। উপজেলা প্রশাসকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল ও স্বচ্ছতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে সমস্যা সমাধানের দাবি জানিয়ে উপজেলা প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে সচেতন নাগরিক সমাজ ও বঞ্চিত আবেদনকারীদের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টা ব্যাপি চলা এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বঞ্চিত প্রার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড শুমারির মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে যোগ্য ও স্থানীয় শিক্ষিত তরুণ-তরুণীদের বঞ্চিত করা হয়েছে। কোনো প্রকার উন্মুক্ত বিজ্ঞপ্তি ও নিরপেক্ষ বাছাই প্রক্রিয়া অনুসরণ না করে উপজেলা প্রশাসক ও সংশ্লিষ্টদের যোগসাজশে স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনায় নিজস্ব পছন্দসই লোকদের তালিকাভুক্ত করা হয়েছে।

মানববন্ধনে উত্থাপিত প্রধান দাবি ও অভিযোগসমূহ:

* অস্বচ্ছ প্রক্রিয়া বাতিল: স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে তৈরি করা বিতর্কিত নিয়োগ তালিকা অবিলম্বে বাতিল করতে হবে।

* স্বচ্ছ বাছাই নিশ্চিত করা: প্রতিটি ইউনিয়নে উন্মুক্ত ও নিরপেক্ষ প্রক্রিয়ায় প্রকৃত যোগ্য ও মেধা সম্পন্ন স্থানীয় প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে।

* জবাবদিহিতা: নিয়োগ প্রক্রিয়ায় উপজেলা প্রশাসকের ভূমিকা ও অনিয়মের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন ও স্বচ্ছ তালিকা প্রকাশ না করা হলে পরবর্তীতে উপজেলা প্রশাসন কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর সামাজিক ও রাজপথের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।