তালাত মাহামুদ | বিশেষ প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে আসলাম হোসেন শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে টান ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত আসলাম হোসেন শেখ পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর গ্রামের আবুল কাশেম শেখের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশে আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি টান ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ছাদ থেকে হঠাৎ একজন যাত্রী ছিটকে পড়ে যাওয়ার খবর পায় স্টেশন কর্তৃপক্ষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। ওই পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ছাদে অবস্থান করার সময় অসাবধানতাবশত তিনি ছিটকে পড়ে যান। তবে ঠিক কীভাবে তিনি ট্রেনের ছাদে উঠেছিলেন এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কী—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে চলন্ত ট্রেনের ছাদে যাত্রীদের ওঠার ঝুঁকি নিয়েও আবারও প্রশ্ন উঠেছে। রেলওয়ে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ট্রেনের ছাদে ভ্রমণ না করার জন্য সতর্ক করে আসছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে ওঠায় প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে।
রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ট্রেনের ছাদে ভ্রমণ না করে নিরাপদে নির্ধারিত বগিতে যাতায়াতের আহ্বান জানানো হয়েছে।