(মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা।)

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ‘পাতাকুড়ি’ নামের একটি বিনোদন কেন্দ্রে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন জনতা। দীর্ঘদিন ধরে প্রশাসনের অগোচরে বা আড়ালে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রটি দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিনোদন কেন্দ্রের নামে পরিচালিত এই স্থানটিতে দীর্ঘদিন ধরে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চলছে, যা এলাকার শান্তিশৃঙ্খলা ও যুবসমাজের নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিনোদন কেন্দ্রটি বন্ধের দাবি তুলেছেন সংগঠন ‘সচেতন জনতা’র সভাপতি মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক (নীলফামারী জজ কোর্টের অ্যাডভোকেট) গোলাম রব্বানী। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।

প্রতিবাদকালে বক্তারা বলেন, সুস্থ বিনোদনের নামে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি স্থানীয় পরিবেশ নষ্ট করছে এবং তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। দ্রুততম সময়ের মধ্যে এই কথিত বিনোদন কেন্দ্রটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে আরও জোরদার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এলাকাবাসী ও সচেতন জনতার পক্ষে থেকে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ‘পাতাকুড়ি’ বিনোদন কেন্দ্রের অসামাজিক কার্যকলাপ বন্ধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।