শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভারতে সাজা ভোগ শেষে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের ১০৬৫ নম্বর পিলারের কাছাকাছি রৌমারী সদর ইউনিয়নের চর নতুনবন্দর স্থলবন্দর দিয়ে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

প্রত্যাবাসন হওয়া ব্যক্তিরা হলেন—শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রামের মো. ওসমান বিন হাসান সজিব এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের মো. আব্দুল হাই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের ৩৫ বিজিবি, জামালপুর ব্যাটালিয়নের বাংলাবাজার বিওপির সদস্যরা ভারতের আসাম রাজ্যের মাইনকারচর সাহাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যদের কাছ থেকে তাদের গ্রহণ করেন।

পরে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রত্যাবাসন হওয়া দুই বাংলাদেশিকে তাদের স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়।

এ সময় রৌমারী থানার এসআই (নিরস্ত্র) মো. আনাছ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সাজা ভোগ শেষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দুই বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এ সময় তাদের প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।