মোঃ হাসান মাহমুদ জয় (কুড়িগ্রাম) প্রতিনিধি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বাদ মাগরিব ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন হাইওয়ে হোটেল সম্মেলন কক্ষে উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি সাংবাদিক এস. আর শরিফুল ইসলাম রতন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা এ. কে. এম ফরিদুল হক (শাহিন শিকদার) এবং উপদেষ্টা অ্যাডভোকেট আসাদুল হক।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলার সভাপতি সাংবাদিক কামরুজ্জামান শাহু, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দাহিয়ুর রহমান আপেল, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান।
প্রধান অতিথির বক্তব্যে এস. আর শরিফুল ইসলাম রতন বলেন, “সারাদেশের প্রায় প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের শাখা রয়েছে। বর্তমানে প্রায় ৭০০০ জন সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তবে এই স্বেচ্ছাপ্রণোদিত কাজ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নিপীড়ন ও নির্যাতনের শিকার হতে হয়। এ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, নিবন্ধিত অনলাইন পোর্টাল ও সংবাদপত্রের প্রতিনিধিরাই এই প্রেসক্লাবের সাধারণ সদস্য হিসেবে গণ্য হবেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের মাদকমুক্ত জীবনযাপন এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
আমন্ত্রিত অতিথি ও প্রধান উপদেষ্টা এ. কে. এম ফরিদুল হক (শাহিন শিকদার) তাঁর বক্তব্যে “বাংলাদেশ প্রেসক্লাব” ভূরুঙ্গামারী উপজেলা শাখার সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া এলাকা থেকে মাদক নির্মূলে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে এই সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মধ্যে কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ভূরুঙ্গামারী উপজেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট আসাদুল হক বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি খন্দকার আলপ্তগীন (স্বপন) ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন (মুকুল) সহ কার্যনির্বাহী কমিটির সকল সহ-সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় সভাটি সফলভাবে সম্পন্ন হয়।