রাজশাহীর দুর্গাপুরে আদালতের রায় ও নির্দেশনা মেনে এক বিবাদমান জমির সীমানা নির্ধারণ শেষে তা প্রকৃত দাবিদারের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন করেন আদালতের প্রতিনিধি দলটি।

আদালতের নথি ও মামলাসূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার লক্ষণখলসী মৌজার ৩৬৬৪ নম্বর আরএস দাগের জমিটি নিয়ে সহকারী জজ আদালতে ৪০/২০১০ নম্বরের একটি মামলা বিচারাধীন ছিল। মামলায় মো. জাইদুল ইসলাম, যায়দুর রহমান ও অন্যান্যরা বাদী এবং মোসা. আনোয়ারা বেওয়া ও অন্যান্যরা বিবাদী ছিলেন।

আদালতের মূল নথিতে ২২ একর বাগানের কথা বলা হলেও, ডিক্রিপ্রাপ্ত মো. জাহিদুল ইসলাম (জামাল)-এর সীমানা নির্ধারণী সাইনবোর্ডে ২১ শতাংশ জমির তথ্য উল্লেখ দেখা যায়।

সীমানা নির্ধারণের এই পুরো প্রক্রিয়ায় সরেজমিনে উপস্থিত ছিলেন সহকারী জজ আদালতের নাজির আঃ কাদের জিলানী, নায়েব নাজির মো. নাসির উদ্দিন এবং অ্যাডভোকেট কমিশনার নাসির উদ্দিন।

সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন যে, আইনগত সব নিয়ম মেনেই বিজয়ী পক্ষকে এই জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।