মোঃ জাহাঙ্গীর আলম পাবনা ঈশ্বরদী প্রতিনিধিঃ
দৈনিক স্বতঃকণ্ঠের স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক সমকোণের বার্তা সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণকে হ-ত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ঈশ্বরদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সহ-সভাপতি সেলিম সরদার, জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ খান, সদস্য এস এম ফজলুর রহমান, খালেদ মাহমুদ সুজন, বিজয় টেলিভিশনের প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, চ্যানেল ২৪-এর প্রতিনিধি শাহীন রহমান, সময় টেলিভিশনের প্রতিনিধি সবুজ মোল্লা, স্টার নিউজের প্রতিনিধি শামসুল আলম, এসএ টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, ডিবিসি নিউজের প্রতিনিধি পার্থ হাসান, এখন টিভির প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস-এর প্রতিনিধি দেওয়ান সবুজ, আরটিভির প্রতিনিধি বায়েজীদ বোস্তামি, চ্যানেল ওয়ানের প্রতিনিধি ইয়াছিন আলী শেখ, দেশ টিভির প্রতিনিধি পলাশ হোসাইন ও এশিয়া পোস্টের প্রতিনিধি রাকিব হাসনাত।
বক্তারা বলেন, সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণ ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তারা। সাংবাদিকদের হয়রানি কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত করার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানান তারা।
তারা বলেন, কোনো সাংবাদিক অপরাধের সঙ্গে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণিত হবে। আর যদি তিনি ঘটনার সঙ্গে জড়িত না থাকেন, তাহলে তাকে কেন মামলায় আসামি করা হয়েছে, সেটিও তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন। বক্তারা দাবি করেন, মামলার তদন্ত এগিয়ে গেলে প্রকৃত ঘটনা এবং সাংবাদিক সৌরভকে মামলায় জড়ানোর পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না, তা বেরিয়ে আসবে।
বক্তারা আরও বলেন, কোনো রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য যদি একজন সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানো হয়ে থাকে, তাহলে তদন্তের মাধ্যমে সেটিও প্রমাণিত হবে। সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।
সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা মামলা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর ভোরে পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
ঘটনার ১৮ দিন পর গত ২০ সেপ্টেম্বর নিহত মেহেদী হাসানের বাবা আনিছুর রহমান বাদী হয়ে পাবনা জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-২ আদালতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথসহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।