মোহাম্মদ হোসাইন,টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফ থানাধীন বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা নদীর তীরে বোট রেখে পালিয়ে যায়।

পরে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিতে তল্লাশি চালিয়ে জালের মধ্যে লুকানো অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।