আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (Duty Bearers) ও কমিউনিটি লিডারদের অংশগ্রহণে এক অর্ধ-বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর “এমপাওয়ারিং কমিউনিটিজ ফর চিলড্রেনস রাইটস (ইসিসিআর)” প্রজেক্টের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট, সুইডেন (Interact, Sweden)-এর অর্থায়নে বাকাল ভিলেজ কাউন্সিল অফিসে (পশ্চিম বাকাল) এই সভার আয়োজন করা হয়। এতে গৈলা ও বাকাল ইউনিয়নের ২৫ জন স্থানীয় নেতা-নেত্রী এবং কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদ খান। বক্তব্যে তিনি বলেন, “শিশু অধিকার সুরক্ষা ও সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কমিউনিটি লিডারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধমুক্ত ও শিশু বান্ধব সমাজ গঠনে পুলিশ প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের প্রতিনিধি সৈয়দ নুরে আলম (সিএস) বলেন, “শিশু অধিকার রক্ষা ও নারী উন্নয়ন নিশ্চিত করতে আমাদের তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনগুলো একসাথে কাজ করলে সমাজ থেকে বাল্যবিয়ে ও শিশুদের ওপর নির্যাতন পুরোপুরি নির্মূল করা সম্ভব।”

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তার বক্তব্যে বলেন, “যুবসমাজ ও স্থানীয় নেতাদের সমন্বিত উদ্যোগ সামাজিক পরিবর্তনের প্রধান শক্তি। সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে তরুণদের শিশুদের অধিকার রক্ষায় ও সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে।”

বাকাল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সুবর্ণা মন্ডল বলেন, “স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শিশু অধিকার ও সামাজিক উন্নয়নমূলক যেকোনো পদক্ষেপে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। ইউনিয়ন পর্যায়ে সেবাগুলো যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

সাংবাদিক মোহাম্মদ রাসেল তার বক্তব্যে বলেন, “সামাজিক সমস্যা ও শিশু অধিকার লঙ্ঘনের খবরগুলো গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিতে পারে। সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।”

সভায় বক্তারা সামাজিক উন্নয়ন, শিশু অধিকার এবং স্থানীয় পর্যায় সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উক্ত সভাটি সার্বিক পরিচালনা করেন ইসিসিআর (ECCR) প্রজেক্টের প্রজেক্ট অফিসার যিহিস্কেল ইজারাদার। আলোচনা শেষে আগামী দিনগুলোতে শিশু অধিকার বাস্তবায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারে সবাই মিলে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।