ঢাকা: জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের দার-উস সালাম আর্কেড ভবনে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন ও মহাসচিবকে বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকীর সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় এবং অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলতাফ হোসেন, রেজাউল হাবিব রেজা, লায়ন এবিএম সোবহান হাওলাদার, সৈয়দ ওমর ফারুক, মো. খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. রাকিব উদ্দিন রানা, লায়ন সাব্বির আহমেদ হাজরা, অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মো. সোহাগ ইসলাম, রাজিয়া তূর্ণা, দপ্তর সম্পাদক ইমারত হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কে এম সুজন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম রব্বানী, ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম আলম, সহ-ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন সম্পাদক মো. জহিরুল ইসলাম সিকদার, চিকিৎসা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবুল বাশার এবং নির্বাহী সদস্য ইয়াসিন মো. তুহিন।

এ ছাড়া ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি মোছাম্মৎ ফাতেমা আক্তার, নরসিংদী জেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান মানিক, বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি মোল্লা নাসির উদ্দিন, শিবপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা ইসলাম সাথীসহ ঢাকা বিভাগীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। পরে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

বক্তব্যে লায়ন মো. নূর ইসলাম বলেন, নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে এবং দেশের সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।