তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মৎস্যসম্পদ ও জলজ প্রাণী সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৪৫টি অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপজেলার বড়চাপা, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া ইউনিয়নসংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালানো হয়। এ সময় ১৫টি কারেন্ট জাল, ২৫টি দুই দুয়ারী চায়না জাল ও ৫টি বিন জাল ধ্বংস করা হয়।
মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাফি আফরোফ সনি ও মনোহরদী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীর জীববৈচিত্র্য রক্ষা, মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং অবৈধ জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।