দেশে কোনো অবস্থাতেই চাঁদাবাজ ও মাদকের জায়গা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানে পূর্ণ সায় দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
শনিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারদলীয় সংসদ সদস্যদের এক সংসদীয় সভায় এই আলোচনা হয়। সভা শেষে সন্ধ্যায় সংসদ ভবনের এলডি হলে আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এসব তথ্য জানান।
চিফ হুইপ বলেন, “সংসদীয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না। বিষয়টি খুব অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের কাছে দৃশ্যমান ও স্পষ্ট হবে। প্রধানমন্ত্রীও তাঁর এই বক্তব্যে সায় দিয়েছেন।”
১২০ দিনের কার্যক্রম উপস্থাপন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
শনিবারের এই গুরুত্বপূর্ণ সভায় সংসদীয় দলের কাছে ৭ জন মন্ত্রী তাঁদের নিজ নিজ মন্ত্রণালয়ের বিগত ১২০ দিনের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া সভায় দেশের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও তথ্য জানানো হয়:
হাসপাতাল নির্মাণ: দেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক হাজার শয্যা বিশিষ্ট ৫টি নতুন হাসপাতাল নির্মাণের লক্ষ্যে চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।
স্কুলের খাবার: প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। খাবার মানসম্মত না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
বিদ্যুৎ বিল: দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনায় জানানো হয়, দেশের ৬৬ শতাংশ গ্রাহকের বিদ্যুতের বিল বাড়েনি।
রামিসা হত্যা মামলার রায়: আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। চিফ হুইপ জানান, পৃথিবীর ইতিহাসে অন্যতম স্বল্পতম সময়ে এই মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে এবং আগামীকাল রোববার (৭ জুন) এ মামলার রায় ঘোষণা করা হবে।
সরকারদলীয় সংসদ সদস্যদের এই সভায় জনকল্যাণমূলক কাজের গতি বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে পৌঁছে দিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।