মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা
বাবার পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল একটি ব্যাটারিচালিত ভ্যান। সেই ভ্যানটি নিয়েই প্রতিদিনের মতো বের হয়েছিল ১৪ বছরের রেজোয়ান। কিন্তু দিন শেষে আয় নিয়ে বাড়ি ফেরার বদলে তাকে ফিরতে হয়েছে খালি হাতে। প্রতারণার শিকার হয়ে হারিয়েছে পরিবারের সেই একমাত্র সম্বল।
রেজোয়ান কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগড়ী ডাঙ্গাপাড়া গ্রামের অলিয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনাটি ঘটে গতকাল সকালে। ভ্যান নিয়ে তারাগঞ্জ বাজারে গেলে দুই ব্যক্তি সৈয়দপুর যাওয়ার কথা বলে রেজোয়ানের সঙ্গে কথা বলেন। ৫০০ টাকা ভাড়ার প্রস্তাবে সে তাদের নিয়ে সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়। ওই ব্যক্তিরা সেখানে কিছু কেনাকাটা করে আবার ফিরে যাওয়ার কথা জানিয়েছিলেন।
সৈয়দপুরে পৌঁছানোর পর কৌশলে রেজোয়ানকে ভ্যান থেকে দূরে সরিয়ে দেয় তারা। নিজেদের সঙ্গে থাকা মালামাল বিক্রির কথা বলে একজন নামাজ পড়তে যাওয়ার অজুহাত দেয়। এরপর রেজোয়ানকে পান কিনে আনতে পাঠানো হয়। পান নিয়ে ফিরে এসে সে দেখতে পায়, সেখানে নেই ভ্যানসহ ওই দুই ব্যক্তি।
হঠাৎ ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়ে শিশুটি। পরিবারের আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে রাস্তায় তার কান্নার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে ঘটনাটি নাগরিক টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
সংবাদটি প্রশাসনের নজরে আসার পর দ্রুত উদ্যোগ নেওয়া হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা রেজোয়ানের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান এবং তাকে নতুন একটি ভ্যান কিনে দেওয়ার আশ্বাস দেন।
এদিকে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেজোয়ানকে থানায় নিয়ে আসে। সেখানে তার কাছ থেকে প্রতারণার পুরো ঘটনা ও সন্দেহভাজনদের বিষয়ে তথ্য নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।