1. admin@nagorikchitra.com : admin :
March 3, 2026, 10:55 pm

অসম্ভবকে সম্ভব করতে ইয়ামালের চেয়েও বেশি কিছু প্রয়োজন বার্সেলোনার

Reporter Name
  • Update Time : Tuesday, March 3, 2026,

প্রথম লেগে ৪-০ গোলে পরাজয়ের পর কোপা দেল রে সেমিফাইনালে বিশেষ কিছু প্রয়োজন বার্সেলোনার। লামিনে ইয়ামাল ও রাফিনহা তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এক শতাংশ সুযোগ, ৯৯ শতাংশ বিশ্বাস’। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তারা কি পারবে ইতিহাসের পাতায় আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখতে?
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে ৬-১ গোলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের দৃষ্টান্ত তৈরি করেছিল বার্সেলোনা। সেই ম্যাচের তারকা লিওনেল মেসি, নেইমার কিংবা ষষ্ঠ গোল করা সার্জি রবার্তোদের কেউ নেই। কাতালান জায়ান্টদের আকাশে এখন উজ্জ্বল তারকা ইয়ামাল, রাফিনহা ও লেভানডোভস্কির মতো খেলোয়াড়রা। তবে লেভানডোভস্কি চোখে আঘাত পেয়ে ম্যাচটি খেলবেন না। অন্যদিকে এই ম্যাচের আগে ইয়ামাল আত্মবিশ্বাসের চূড়ায়। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি ভিয়ারিয়ালের বিপক্ষে।

নিশ্চিতভাবে এই স্প্যানিশ কিশোরকে তার সেরাটা দিতে হবে। সঙ্গে রাফিনহা ও লেভানডোভস্কিকেও পারফরম্যান্সের সর্বস্ব উজার করতে হবে। কোচ হ্যান্সি ফ্লিক বললেন, আজ (মঙ্গলবার) সেমিফাইনালের ফিরতি লেগে তার দলকে ইয়ামালের চেয়েও বেশি কিছু প্রয়োজন। ভিয়ারিয়ালের বিপক্ষে জিতে লা লিগার শীর্ষে বসা বার্সা কোচের বিশ্বাস, তার দল পারবে।
অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জন্য কি ইয়ামালকে তার সেরা ফর্মে থাকতে হবে এমন প্রশ্নে ফ্লিক বললেন, ‘আমাদের মনোযোগ কেবল দলে। (শনিবার প্রথম গোলের পর) যেভাবে সে খেলল, তাতে আমি খুব খুশি। কিন্তু আমাদের সবাইকে প্রয়োজন। শুধু লামিনে নয়, মাঠে আমাদের প্রত্যেককে প্রয়োজন। আমরা চার গোলে পিছিয়ে আছি। আমরা অসম্ভবকে সম্ভব করতে চাই। এটাই আগামীকালের লক্ষ্য। জানি এটা সহজ হবে না, কিন্তু আমরা কখনো হাল ছাড়ি না। ক্লিন শিট গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের শক্তিতে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস করতে হবে আমরা এটা করতে পারি।’

তাহলে কি বার্সা আরেকটি রেমন্তাদার গল্প লেখার অপেক্ষায়? ২০১৭ সালের সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নায়ক রবার্তো বলেছেন, ‘এটার শুরু হচ্ছে প্রত্যাবর্তনের বিশ্বাস দিয়ে। আমি যতটুকু জানলাম, খেলোয়াড় ও কোচদের সেই মানসিকতা আছে। সত্যি, আমি মনে করি এটা সম্ভব। প্রতিপক্ষ খুব শক্তিশালী, কিন্তু আমি যখন আমার শেষ গোল করলাম, তখনো আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলছিলাম।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT