তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে নূপুর আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাশিরদিয়া গ্রামের প্রবাসী দীপুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় নূপুরের মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নূপুর ওই গ্রামের প্রবাসী দীপুর স্ত্রী ও জাকির হোসেনের মেয়ে। নিহতের স্বজনদের দাবি, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বিরোধ ও মারামারি হতো বলেও দাবি করেন তার বাবা।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।